সেনা-সমালোচক পাকিস্তানি সাংবাদিক কেনিয়ায় খুন

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১১:২৫ পিএম

পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর সমালোচক, অনুসন্ধানী সাংবাদিক আরশাদ শরিফ কেনিয়ায় খুন হয়েছেন। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে গতকাল সোমবার জানিয়েছেন তার স্ত্রী জাভেরিয়া সিদ্দিক। টুইটারে দেওয়া এক বার্তায় জাভেরিয়া বলেন, ‘আজ আমি একজন বন্ধু, স্বামী এবং আমার প্রিয় সাংবাদিককে হারালাম। পুলিশের তথ্য অনুযায়ী, কেনিয়ায় গুলিতে নিহত হয়েছেন তিনি।’ উভয় দেশের কর্র্তৃপক্ষ এখনো পাকিস্তানের এআরওয়াই টেলিভিশনের সাবেক এই সাংবাদিকের মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি। পাকিস্তানের পররাষ্ট্র মুখপাত্র আসিম ইফতিখার বলেছেন, কেনিয়ায় পাকিস্তানের হাইকমিশন তথ্য সংগ্রহ করছে। কেনিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার কেনিয়া বলেছে, ভুল পরিচয়ের এক ঘটনায় পাকিস্তানি সাংবাদিককে গুলি করে হত্যা করেছে পুলিশ। গত রবিবার রাতে নাইরোবি-মাগাদি মহাসড়কে এই ঘটনা ঘটে। পাকিস্তানের ক্ষমতাসীন সরকার ও সেনাবাহিনীর কট্টর সমালোচনার দায়ে দেশটির বিভিন্ন শহরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। চলতি বছরের শুরুর দিকে পাকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে যেতে বাধ্য হন তিনি। সেখান থেকে সম্প্রতি কেনিয়ায় ঘুরতে গিয়ে খুন হলেন এই সাংবাদিক। ‘সত্য বলায় আরশাদকে জীবন দিয়ে চরম মূল্য দিতে হলো’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত