শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে দেশের হকির প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি’। মওলানা ভাসানী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে একমি চট্টগ্রাম ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। রাত সোয়া ৮টায় দ্বিতীয় ম্যাচে খেলবে রূপায়ণ সিটি কুমিল্লা ও সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা। আর মোনার্কের পরামর্শক হয়ে ঢাকায় এসেছেন এক সময়ের ‘হকির ম্যারাডোনা’খ্যাত শাহবাজ আহমেদ। পাকিস্তানের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি হকি খেলোয়াড় নব্বইয়ের দশকে ঢাকার মাঠ মাতিয়েছিলেন।
১৯৯০ ও ১৯৯৪ হকি বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন শাহবাজ আহমেদ। হকিতে তো নয়ই, ফুটবলের বিশ্বকাপেও এমনটা হয়নি। খেলেছেন ঢাকা লিগেও। খেলা ছাড়ার পর সংগঠক হিসেবে কাজ করেছেন শাহবাজ। পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সদস্যও ছিলেন এই কিংবদন্তি। ঢাকায় নেমে শাহবাজ বলেন, ‘আমি সপ্তাহ তিন থাকব। পরামর্শক হয়ে কাজ করব মোনার্ক মার্ট পদ্মার হয়ে। এই সময়ে দলকে নানাভাবে সাহায্য করে যাব যেন দল লিগে ভালো করতে পারে।’ ছয়টি দল একে অন্যের সঙ্গে দু’বার মোকাবিলা করবে। শীর্ষ চার দল খেলবে পরের রাউন্ডে। ক্রিকেটের বিপিএলের মতো হকির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম রাউন্ডের শীর্ষ দুই দল কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। সেই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। বিজিত দল আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যকার এলিমিনেটর বিজয়ী দলের সঙ্গে। ১৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল।
