হকারদের কাছে ‘চাঁদা দাবি’

চট্টগ্রামে কাউন্সিলর রুমকিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০১:৩৭ এএম

হকারদের কাছে চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সংরক্ষিত ওয়ার্ডের এক কাউন্সিলরসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে মামলাটি করেন টেরিবাজার-আন্দরকিল্লা হকার সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। চসিক সংরক্ষিত ওয়ার্ড (৭) কাউন্সিলর রুমকি সেনগুপ্ত ছাড়া অভিযুক্ত অন্য দুজন হলেন অপু ধর ওরফে রাজ (২৮) ও মো. ইসমাইল (৪০)।

বাদীর আইনজীবী বিশ্ব শীল দেশ রূপান্তরকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত নগরীর আন্দরকিল্লা, চকবাজার ও দেওয়ানবাজার এলাকার সব হকারের কাছে চাঁদা দাবি করে আসছে। কেউ চাঁদা দিতে না পারলে বা অপারগতা প্রকাশ করলে মালামাল রাস্তায় ছিটিয়ে দেয় এবং প্রতিবাদ করার চেষ্টা করলে তার অনুসারীরা হকারদের শারীরিকভাবে নাজেহাল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত