প্রথম ম্যাচের একাদশ নিয়েই নামার ইঙ্গিত অসিদের

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০২:৪৩ পিএম

যে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া, এবারের বিশ্বকাপে ঘরের মাঠে তাদের কাছেই প্রথম ম্যাচ ধরাশায়ী অসিরা। এতে করে পরপর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ার স্বপ্নে শুরুতেই কিছুটা ধাক্কা খেয়েছেন অ্যারন ফিঞ্চের দল।

তবে আজ ঘুরে দাঁড়াবার মিশন নিয়ে বাংলাদেশ সময় বিকাল ৫টায় বর্তমান এশিয়া কাপজয়ী দল এবং তিন বারের বিশ্বকাপ ফাইনালিস্ট শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন অসি অলরাউন্ডার মিচেল মার্শ।

এ সময় তিনি জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে যে দল নিয়ে খেলেছে সে দল নিয়েই শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে তারা। দলে পরিবর্তন আনার সুযোগ থাকলেও তারা করবেন না।

এসময় মার্শ বলেন, 'আমার জানা মতে, আমরা দল হিসেবে খেলব এবং আশা করি আমরা এই পথেই থাকবো।‌ টুর্নামেন্টের প্রকৃতিই এমন, আপনি একটি ম্যাচ হারাবেন, আপনার পিঠ দেওয়ালে ঠেকে যাবে, এরপর আমরা জানি আমাদের কী করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অতীতে কী হয়েছে সেদিকে না তাকিয়ে, সামনে কি হবে সেদিকে লক্ষ্য রাখছি। আমরা বর্তমানে শ্রীলংকা ম্যাচের দিকেই ফোকাস করছি আর এটাই এখন আমাদের জরুরি।’

এ সময় শ্রীলংকার বিপক্ষের ম্যাচে অস্ট্রেলিয়া দল তাদের পেস আক্রমণে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্কের দক্ষতার উপর আস্থা রাখা হবে বলে জানান মার্শ।

বর্তমান চ্যাম্পিয়নদের সেমিফাইনালে যেতে হলে সামনের সবকটি ম্যাচেই জয় পেতে হবে। শ্রীলংকা ছাড়াও পরের ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া জয়ের জন্য মুখোমুখি হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত