ক্রিকেট চেতনার নিকুচি করি, বিস্ফোরক মন্তব্য পান্ডিয়ার

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৭:২৯ পিএম

ঘটনাটা নারী এশিয়া কাপ শুরুর কয়েকদিন আগের। বল করছিলেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। নন-স্ট্রাইকে ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার চার্লি ডিন। বল ছোঁড়ার আগেই দাগের বাইরে চলে আসেন ডিন, হাতে থাকা বলটি স্টাম্পে আঘাত করতে মোটেও দ্বিধা করেননি দীপ্তি। ম্যানকাডিং আউটে শেষ উইকেটের পতন হলে ইংলিশদের ১৬ রানের পরাজয় নিশ্চিত হয়। তখন থেকেই অনেকে এটাকে ক্রিকেটের চেতনা বিরোধী উইকেট বলে মন্তব্য করেন।

এবার সেই আলোচনায় যোগ দিলেন হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইসিসি রিভিউ পডকাস্টে ‘ক্রিকেট চেতনার চুলোয় যাক’ বলে তিনি মন্তব্য করেছেন।

ঐ রিভিউ পডকাস্টে হার্দিক বলেন, ‘ম্যানকাডিং আউট নিয়ে অযথা আলোচনা আমাদের বন্ধ করা উচিৎ। সহজ ভাষায় এটি একটি নিয়ম। ব্যক্তিগতভাবে আমি এতে কোনো সমস্যা দেখি না। আমাকে যদি কেউ এভাবে আউট করে তাহলে সেটা আমার ভুল, বোলারের নয়। সে তার নিয়ম মেনেই সুবিধা নিচ্ছে। এটাকে বড় ইস্যু করে দেখার কিছু আছে বলে আমি মনে করি না।’

অনেকেই এ ধরনের উইকেটকে ক্রিকেট চেতনার পরিপন্থী বলেন। এর উত্তরে হার্দিক বলেন, ‘ক্রিকেট চেতনা চুলোয় যাক। এই নিয়ম নিয়ে যাদের সমস্যা আছে তাদেরকে নরকে পাঠিয়ে দেওয়া হোক। যদি সেখানেও এই নিয়ম থাকে, তবে সেটা সরিয়ে ফেলতে পারবেন। তাদের জন্য এটাই সহজ পরামর্শ।

চলতি বছরের মার্চে এ ধরনের উইকেটের বৈধতা দিয়েছিলে এমসিসি। এর আগে ল-৪১ (আনফেয়ার প্লে) হিসেবে অন্তর্ভুক্ত থাকলেও চলতি অক্টোবরের ১ তারিখ থেকে এই উইকেট ল-৩৮ (রান আউট) এর মধ্যে জায়গা করে নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত