মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে গত সোমবার রাতের ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়ায় একটি গাছের ডাল ভেঙে পড়েছিল। নিজেদের বাড়ির গাছের ভেঙে পড়া ওই ডাল কাটতে গতকাল মঙ্গলবার সকালে গাছের ৪০ ফুট উচ্চতায় ওঠেন তরুণ। কিন্তু গাছ থেকে নামতে গিয়ে পড়েন বিড়ম্বনায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকা হয়। তাদের ঘণ্টাখানেক চেষ্টায় গাছের ৪০ ফুট উপর থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামে। উদ্ধার করা যুবকের নাম মো. ফাহিম (২৩)। তিনি ওই গ্রামের হাবিবুর মিয়ার ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার মো. মনিরুজ্জমান জানান, ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৮টার দিকে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে গাছের ৪০ ফুট উপর থেকে আটকে পড়া তরুণকে উদ্ধার করতে সক্ষম হয়।
