চ্যাম্পিয়ন্স লিগে জাদুকরী এক রাত উপহার দিল পিএসজি। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমারদের আলো ছড়ানো ম্যাচে রীতিমতো উড়ে গেল ইসরায়েলের ক্লাব ম্যাকাবি হাইফা। সেই সঙ্গে শেষ ষোলোয় খেলা নিশ্চিত হলো ক্রিস্তফ গালতিয়েরের দলের।
তবে অন্য ম্যাচে লাইপজিগের বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। আর বেনফিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জুভেন্তাসের।
মঙ্গলবার রাতে এইচ গ্রুপের ম্যাচে হাইফাকে ৭-২ গোলে বিধ্বস্ত করে পিএসজি। জোড়া গোল করেন মেসি ও এমবাপে। নেইমার ও কার্লোস সোলের একটি করে গোল করেন। অন্য গোলটি তারা পায় আত্মঘাতী থেকে।
ম্যাচের ১৯ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন মেসি। তার দ্বিতীয় গোল ৪৪ মিনিটে। এমবাপের প্রথম গোল ৩২ মিনিটে, দ্বিতীয় গোল ৬৪ মিনিটে। নেইমারের গোল ৩৫ মিনিটে।
করিম বেনজেমা, ফেদে ভালভেরদে, লুকা মদ্রিচকে ছাড়া খেলতে নেমে রিয়াল প্রতিপক্ষের মাঠে হেরেছে ৩-২ গোলে। এফ গ্রুপের ম্যাচটিতে ১৩ মিনিটে ইয়াস্কো ভার্দিয়োল এবং ১৮ মিনিটে ক্রিস্টোফার এনকুঙ্কুর গোলে এগিয়ে যায় লাইপজিগ।
রিয়ালকে লড়াইয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের শেষ দিকে জাল খুঁজে নেন তিনি। কিন্তু সেই প্রয়াসও ব্যর্থ হয়ে যায় ৮১ মিনিটে চেলসি থেকে বুন্দেসলিগায় ফেরা টিমো ওয়ের্নার গোল করলে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন রদ্রিগো। কিন্তু তাতে হার এড়ানো সম্ভব হয়নি।
এদিকে গোলশূন্য ড্র হয়েছে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ‘জি’ গ্রুপের ম্যাচ। আর্লিং হলান্ড ছিলেন নিজের ছায়া হয়ে। পেনাল্টি মিসের হতাশায় পুড়েছেন রিয়াদ মাহরেজ।
ড্র করলেও শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়েছে ডর্টমুন্ডের। আগেই নকআউট পর্বে ওঠা সিটির এই ড্রয়ে গ্রুপ সেরা হওয়া নিশ্চিত হয়ে গেছে। অন্য ম্যাচে (গ্রুপ-ই) সালজবুর্গকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে চেলসি।
এক নজরে সব ম্যাচের ফল-
সালজবুর্গ ১–২ চেলসি
সেভিয়া ৩–০ কোপেনহেগেন
জাগরেব ০–৪ মিলান
সেল্টিক ১–১ শাখতার
লাইপজিগ ৩–২ রিয়াল মাদ্রিদ
ডর্টমুন্ড ০–০ ম্যানচেস্টার সিটি
বেনফিকা ৪–৩ জুভেন্টাস
পিএসজি ৭–২ ম্যাকাবি হাইফা
