ভোলার চরফ্যাশনের মায়া নদীতে মাছ ধরতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ফাহিম ব্রিকস সংলগ্ন এলাকা থেকে চরফ্যাশন ফায়ার সার্ভিসের সদস্যরা আওলাদ হোসেন (১৮) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। আওলাদ এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইমাম হোসেনের ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে জাল নিয়ে মায়া নদীতে মাছ শিকার করতে যান আওলাদ। এ সময় নদীর তীর থেকে জাল ফেলতে গেলে একপর্যায়ে ওপর থেকে মাটি ভেঙে আওলাদের গায়ে পড়লে তিনি জালের সঙ্গে শরীর পেঁচিয়ে নদীতে পড়ে যান এবং ডুবে মারা যান।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আওলাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
