মিরসরাইয়ে ড্রেজারডুবি: বাকি ৪ মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০১:১৯ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিরূপ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে সাগরে ডুবে যাওয়া বালুর ড্রেজারের নিখোঁজ বাকি চার শ্রমিকের লাশও উদ্ধার করা হয়েছে।

বুধবার গভীর রাতে ড্রেজারের ভেতর থেকে একজন এবং বৃহস্পতিবার সকালে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়।

এরা হলেন- আমল সরদার (৪০), শাহিন মোল্লা (৩৭), মো. তারেক (২০) ও আবুল বাশার (৪০)।

এ নিয়ে ডুবে যাওয়া ড্রেজারের নিখোঁজ আট শ্রমিকের সবার লাশ উদ্ধার করা হল।

উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল হারুণ পাশা জানিয়েছেন, ডোবার পর উল্টে যাওয়া ড্রেজারের কয়েকটি অংশ কেটে ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। অন্য লাশটি পাওয়া যায় বালুর ভেতরে।

নিখোঁজ সবার লাশ উদ্ধার হওয়ায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়েছে বলে জানান তিনি।

গত সোমবার রাত ১১টার দিকে ঝড়ের মধ্যে মীরসরাইয়ের বামনসুন্দর খাল ও বঙ্গোপসাগরের সংযোগ অংশে ‘সৈকত এন্টারপ্রাইজ-২’ নামের ড্রেজারটি ডুবে গেলে ওই আট শ্রমিক নিখোঁজ হন।

বুধবার (২৬ অক্টোবর) সকাল পর‌্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরাও উদ্ধার কাজে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত