আরো বড় পরিসরে ব্যান্ড ফেস্ট, ১ ডিসেম্বর 'ব্যান্ড মিউজিক ডে' ঘোষিত

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৯:৫৫ পিএম

প্রায় ৯ বছর আগে প্রয়াত আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল 'চ্যানেল আই ব্যান্ড ফেস্ট'। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এ উৎসব। চলতি বছর থেকে আরো বৃহৎ পরিসরে আসছে এ উৎসব। কারণ চ্যানেল আইয়ের এ উদ্যোগের সাথে এবার যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা)।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে সম্পন্ন হলো বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২ এর সমঝোতা স্বাক্ষর। যেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। সেই সঙ্গে দেশসেরা ব্যান্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সবার উপস্থিতিতে স্বাক্ষর প্রদান করেন চ্যানেল আইয়ের পক্ষে এই আয়োজনের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন এবং বামবার পক্ষে সভাপতি হামিন আহমেদ।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, 'উল্লাসে, উচ্ছ্বাসে, তারুণ্যে'- এই স্লোগানকে সামনে রেখে এখন থেকে 'বামবা চ্যানেল আই মিউজিক ফেস্ট' বৃহৎ আকার ধারণ করল। আমি খুবই আনন্দিত এবং অভিভূত এ জন্য যে, শিল্পীদের কোনো মৃত্যু নেই। গানের মাধ্যমেই তারা বেঁচে থাকেন আজীবন। বামবার এই উদারতা আমাকে অভিভূত করেছে।

বামবা সভাপতি হামিন আহমেদ জানান, চ্যানেল আই দীর্ঘদিন ধরে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক ডে হিসেবে পালন করে আসছে। এই আয়োজনকে বড় পরিসরে উদযাপন করার জন্য চ্যানেল আইয়ের সাথে যুক্ত হলো বামবা।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আরো জানানো হয়, প্রতিবছর ১ ডিসেম্বর দেশজুড়ে পালিত হবে 'ব্যান্ড মিউজিক ডে' এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে 'বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট'। এ বছর ঢাকায় কনসার্ট অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। কমপক্ষে ১৫ হাজার দর্শক ধারণ করার মতো ভেন্যুতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত