নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিচার-সালিশে উপস্থিত সবার সামনে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে দুই ভাইকে ক্ষুর দিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ হামলাকারীদের ৫ জনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের পুবেরগাঁও মোল্লাপাড়া ক্যাডেট মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মামা মুনসুর মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। গতকাল দুপুরে গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, গত দুই মাস আগে পুবেরগাঁও এলাকার একটি তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল্লাহদের সঙ্গে ইয়াছিনদের কথা কাটাকাটি ও বাগ্বিতন্ডার ঘটনা ঘটে। ওই ঘটনায় এক সপ্তাহ আগে এক পক্ষ আরেক পক্ষকে মারধর করে। এ নিয়ে বুধবার রাতে বিচার-সালিশের আয়োজন হয়।
