দেশে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এক দিনে আরও ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মারা গেছে ৩ জন। এ নিয়ে এ বছর দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৩৪ হাজার ৮২২ জন ভর্তি হয়েছিল এবং মারা গিয়েছিল ১২৩ জন। এর আগে গত রবিবার এ বছরের সর্বোচ্চ ১ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সেদিন মারা গেছে আরও ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৪৯১ জন ঢাকায় ও ৪০৮ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩ হাজার ৪৮০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২ হাজার ২৫০ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসের ২৭ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৭৩০ জন। এ সময়ে মারা গেছে ৬৮ জন। এর আগে গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৯ হাজার ৯১১ জন ও মারা যায় ৩৪ জন। গত আগস্টে হাসপাতালে ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ও মারা গিয়েছিল ১১ জন।
