টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বৃষ্টিতে ভেসে গেল আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১১:৪৮ এএম

মেলবোর্নে বৃষ্টি পিছু ছাড়ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক এই ভেন্যুর আরও একটি ম্যাচ তাই ভেস্তে গেল। টসটাও হতে পারল না আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের।

সুপার টুয়েলভ পর্বের গ্রুপ-১ এ থাকা দুই দলের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায়। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও তা শুরু করা যায়নি। শেষ পর্যন্ত আসে ম্যাচ পরিত্যাক্তের ঘোষণা।

এই ভেন্যুতেই গত বুধবার মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান ও নিউজিল্যান্ডের। বৃষ্টিতে সেই ম্যাচেও টস হতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল দুই দলকে।

ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে আসর শুরু হয়েছিল আফগানদের। কম পুঁজি নিয়েও সেদিন ইংলিশদের বিপক্ষে ভালো লড়াই জমিয়ে তুলেছিল আফগান বোলাররা। এরপর টানা দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া নিশ্চিতভাবেই পোড়াবে তাদের। তাছাড়া ছয় দলের গ্রুপে পড়ে রইল তারা তলানিতেই।

নিজেদের আগের ম্যাচে ইংল্যান্ডকে হারানো আয়ারল্যান্ড অবশ্য এই এক পয়েন্টের কল্যাণে আপাতত উঠে এসেছে টেবিলের দুইয়ে। বাছাই পর্ব পেরিয়ে আসা আইরিশরা সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল।

তিন ম্যাচে ৩ পয়েন্ট আয়ারল্যান্ডের। সমান পয়েন্ট নিয়েও নেটরান রেটে এগিয়ে থাকায় শীর্ষে নিউজিল্যান্ড।

বেলা ২টায় এই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। 

আরও পড়ুন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বাঁচা-মরার লড়াই

×
সর্বশেষ সর্বাধিক পঠিত