কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৮:৩৪ এএম

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের গজনবীপুর গ্রামের লালন ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দ্রুতগামী কোন একটি যানবাহনের চাকায় পিষ্ট বাবা-ছেলের লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পথচারীরা হাইওয়ে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ দুজনের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে হাইওয়ে পুলিশ।  
নিহতরা হলেন- ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী শাজাহান আলী (৫৫) এবং তার ছেলে লিবিয়া প্রবাসী শামিম আহম্মেদ (২৮) কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানা-পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) দেবব্রত রায় জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরের বিত্তিপাড়ার লালন ফিলিং স্টেশনের সন্নিকটে রাস্তার উপড়ে একটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুটি মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার  করেছে। 

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল আরোহীরা কুষ্টিয়া শহরের দিক থেকে তাদের বাড়ি অভিমুখে যাচ্ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন বড় ধরনের দ্রুতগামী যানবাহন পেছন দিক থেকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তার ওপর পড়ে যায় এবং ওই গাড়িটির অথবা অন্য কোন দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত