সিইউএফএলে শ্রমিক অসন্তোষ বদলির আদেশ প্রত্যাহার দাবি

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১২:১৬ এএম

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সারকারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) আসন্ন নির্বাচনে সম্ভাব্য সভাপতি পদপ্রার্থীসহ চারজনকে আকস্মিক বদলির আদেশকে ঘিরে শ্রমিক অসন্তোষ দিন দিন বাড়ছে।

তাদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার সকালেও মানববন্ধন করেছে শ্রমিকদের তিনটি সংগঠন। কারখানার ফটকে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার বিক্ষোভ ও সমাবেশ করে সিইউএফএল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।

কারখানার শ্রমিকরা জানান, গত ২৬ অক্টোবর সিইউএফএল সিবিএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) হওয়ার সম্ভাব্য তারিখ ছিল। কিন্তু তার এক দিন আগে সিবিএকে চিঠি দিয়ে এজিএম না করার অনুরোধ করা হয়। পরদিন বৃহস্পতিবার সিবিএর সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী এমরান খানসহ চারজনকে বদলি করা হয়।

এদিকে সিবিএর এজিএম বন্ধ হওয়া ও চার শ্রমিককে বদলির খবরে ক্ষোভে ফুঁসে ওঠেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। তারা বৃহস্পতি ও শুক্রবার সিইউএফএল কলোনিতে বিক্ষোভ ও সমাবেশ করে চার শ্রমিকের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে মানববন্ধন করে শ্রমিক লীগ, সিইউএফএল সিবিএ ও সাধারণ শ্রমিকের ব্যানারে তিনটি সংগঠন।

মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক নেতা শেখ সেলিম, আনোয়ারুল আজিম সবুজ, আলম মজুমদার, হারুন অর রশিদ, বজলুর রহমান ভুঁইয়া, মোশারফ হোসেন, মোহাম্মদ শামীম ও আবদুল কাদের প্রমুখ। তাদের দাবি, এজিএম বন্ধের চিঠি দিয়ে চার শ্রমিক নেতাকে বদলির আদেশ উদ্দেশ্যপ্রণোদিত। এ আদেশ প্রত্যাহার করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

এ ব্যাপারে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদুল্লাহ খান বলেন, চার শ্রমিককে বদলির বিষয়টি দাপ্তরিক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বদলি করেছে। কারখানার উৎপাদন শুরুর প্রাক্কালে এজিএম না করার অনুরোধ করা হলেও বদলির ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ইনটেনশন নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত