সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত ৭ সেপ্টেম্বর থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শিরোনামের রাজনৈতিক কর্মসূচিতে ভারতের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত ৩৫০০ কিলোমিটারের এক পদযাত্রা শুরু করেছেন রাহুল। সেই পদযাত্রারই একটি ছবিতে রাহুল গান্ধীকে অভিনেতা পুনম কউরের হাত ধরে থাকতে দেখা যায়। এরপরই এই ছবি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। এই নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন পুনমও।
তিনি দাবি করলেন, তিনি পড়ে যাচ্ছিলেন, তাই তাকে ধরতে রাহুল গান্ধী তার হাত ধরেছিলেন। এই নিয়ে ট্রোল করা ব্যক্তিদের একহাতও নেন তিনি। ট্রোলারদের সমালোচনায় সরব হন শিনসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও।
উল্লেখ্য, রাহুল গান্ধী এবং পুনম কউরের ছবি টুইটারে পোস্ট করে বিজেপি নেত্রী প্রীতি গান্ধী লেখেন, ‘(রাহুল গান্ধী) নিজের প্রপিতামহের দেখানো পথেই হাঁটছেন।’ এর জবাবে পুনম বলেন, ‘এই মন্তব্য একেবারেই অবমাননাকর। মনে রাখবেন, প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলেছিলেন।’
পুনম দাবি করেন, তিনি পিছলে পড়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে বাঁচাতেই রাহুল গান্ধী তার হাত ধরেন। উল্লেখ্য, পুনমের জন্ম হায়দরাবাদে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। বহু তেলুগু, তামিল এবং কন্নড় সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
এদিকে ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিজেপি নেত্রী প্রীতিকে ‘অসুস্থ মানসিকতা’র বলে আক্রমণ শানান। প্রীতির উদ্দেশে কংগ্রেসের পবন খেরা বলেন, ‘আপনার চিকিৎসা দরকার, আপনার মানসিক অবস্থা আপনার পরিবার এবং বন্ধুর জন্য ক্ষতিকর হতে পারে।’ কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে প্রীতি টুইট করে লেখেন, ‘দেশকে একত্রিত করার জন্যই রাহুল তার প্রপিতামহকে অনুসরণ করছেন।’
