সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই, এমন সমীকরণের ম্যাচে প্রথমে দারুণ নৈপুণ্য মেলে ধরলেন বোলাররা। পরে ব্যাট হাতে আলো কাড়লেন ধনাঞ্জয়া ডি সিলভা। সুবাদে আফগানিস্তানকে সহজেই হারাল শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এর ম্যাচে মঙ্গলবার ৬ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
১৪৫ রান তাড়া করতে নেমে ৯ বল হাতে থাকতেই জয় নিশ্চিত হয় লঙ্কানদের। ধনাঞ্জয়া খেলেন ৪২ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস।
এই জয়ের সুবাদে চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তিন নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। অন্যদিকে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান আফগানিস্তানের। এই হারে যাদের শেষ হয়ে গেছে শেষ চারের সম্ভাবনা।
শ্রীলঙ্কার পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। শেষ চারে খেলতে হলে তাদের সেই ম্যাচে শুধু জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। সেক্ষেত্রে আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হার কামনা করতে হবে লঙ্কানদের।
ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও উসমান গনি উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেছিলেন।
কিন্তু এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা দারুণ বোলিংয়ে চাপে পড়ে যায় দলটি। মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট তুলে নেন হাসারাঙ্গা।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রানে থামে আফগানদের ইনিংস। গুরবাজ সর্বোচ্চ ২৮ রান করেন। গনির ব্যাট থেকে ২৭ রান। তিনে নামা ইব্রাহিম জাদরান করেন ২২ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই পাথুম নিশাঙ্কাকে (১০) হারায় শ্রীলঙ্কা। তবে ধনাঞ্জয়া প্রথমিক ধাক্কা সামাল দেন কুসল মেন্ডিসকে নিয়ে। মেন্ডিস ২৭ বলে ২৫ রান করে ফিরলেও ধনাঞ্জয়া দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হাসারাঙ্গা।
