টিম হোটেলে নিজ রুমের ভিডিও ফাঁস হওয়ায় বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন বিরাট কোহলি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এই ধরনের ঘটনা সবার জন্যই অস্বস্তিকর বলে মন্তব্য করেন তিনি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর পার্থের হোটেলে কোহলির রুমের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কেউ একজন কোহলির রুমে ঢুকে ভিডিও করে সেটি টিকটকে ছেড়ে দিয়েছিলেন। পরে সেই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন কোহলি।
বুধবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ভারতের। মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রাহুল দ্রাবিড়কে এনিয়ে প্রশ্ন করা হয়।
দ্রাবিড় বলেন, ‘হোটেলের রুমেই ক্রিকেটাররা সবচেয়ে নিরাপদে থাকে। কারও ব্যক্তিগত পরিসর বিঘ্নিত হওয়া কাম্য নয়। এই ধরনের অনুভূতি মোটেও সুখকর নয়। শুধু কোহলি নয়, এই ধরনের ঘটনা সবার জন্যই অস্বস্তিকর।’
কোহলি ক্ষোভ প্রকাশের পর হোটেল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতিমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিন দ্রাবিড় বললেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আমরা জানিয়েছি। তারা ব্যবস্থা নিয়েছেন। আশা করব ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না। সবাই আরও সতর্ক থাকবে। হোটেলের ঘরই একমাত্র জায়গা, যেখানে ক্রিকেটাররা মানুষের চোখের আড়ালে থাকে। সংবাদ মাধ্যমের থেকে দূরে থাকতে পারে। ক্যামেরার আড়ালে থাকতে পারে। হোটেল রুমে সবাই নিজের মতো থাকে। সেটা প্রকাশ্যে আনা হলে অনুভূতি কখনোই ভালো হয় না।’
তবে এ ঘটনার প্রভাব কোহলির পারফরম্যান্সে পড়বে না বলেই আশাবাদী দ্রাবিড়, ‘ও বিষয়টা বেশ ভালো ভাবেই সামলেছে। মঙ্গলবার অ্যাডিলেডে সবার সঙ্গে অনুশীলন করেছে। স্বাভাবিক, চনমনে রয়েছে।’
