৪ নভেম্বর মুক্তির কথা রয়েছে মুহাম্মদ কাইউম পরিচালিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শুন্যে উড়া’। কিন্তু শেষ সময়ে এসে জানা গেল প্রদর্শনের জন্য হল পাচ্ছে না চলচ্চিত্রটি।
বিষয়টি নিয়ে নির্মাতা মুহাম্মদ কাইউম বলেন, ‘আমরা ৪ নভেম্বর সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করেছি। পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু পরিবেশক সংস্থা জানালো যে সিনেমাটি হল মালিকরা নিতে চাচ্ছেন না।’
সিনেমা না চালানোর বিষয়ে হল মালিকরা কী যুক্তি দিয়েছে, জানতে চাইলে কাইউম বলেন, ‘আসলে আমাদের সিনেমাটি রিয়ালিস্টিক একটি সিনেমা। যেহেতু বাণিজ্যিক সিনেমা নয়, ফলে হল মালিকরা ভাবছেন তারা ব্যবসা করতে পারবেন না- এ কারণে তারা সিনেমাটি নিতে চাচ্ছেন না।’
কাইউম আরও জানান, ‘আমরা নিজেরা স্টার সিনেপ্লেক্সসহ বেশকিছু সিনেমা হলের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তারা এখনো কোনো ফিডব্যাক জানায়নি।’
এদিকে সিনেমা হল না পেলে বিকল্প ব্যবস্থায় সিনেমাটি দেখানোর চিন্তা করছেন পরিচালক। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত যদি সিনেমা হল না পাই, তাহলে অডিটরিয়াম ভাড়া করে সিনেমাটি প্রদর্শনের চেষ্টা করব।’
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে জাজের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘আমরা সিনেমাটির ট্রেইলার হল মালিকদের কাছে পাঠিয়েছি। কিন্তু বেশিরভাগ হল মালিকই সিনেমাটি প্রদর্শন করতে আগ্রহ দেখায়নি।’
মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘এর আগে পূজা চেরি অভিনীত হৃদিতা, অহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ চালিয়েছি, কিন্তু দর্শক না পাওয়ায় লস হয়েছে। এসব কারণে বিকল্প ছবিগুলো চালানো রিস্কি। আর সব সিনেমা তো আমরা চালাই না। আমাদের কাছে যে ছবিটা ভালো মনে হয়, যেটা ব্যবসা করবে বলে মনে হয় সেটাই চালাই। তবে এই টাইপের বিকল্পধারার ছবিগুলো সিনেপ্লেক্সে চালানো যায়, তারা একটা-দুইটা করে শো রাখতে পারে।’
এ বিষয়ে কথা হয় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘কুড়া পক্ষীর শুন্যে উড়া’ সিনেমাটির নাম এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। আজ অফিস বন্ধ। কাল অফিসে গেলে বুঝতে পারব এ নামে কোনো সিনেমা চালানোর অনুরোধ আমাদের কাছে এসেছে কিনা। যদি এরকম কোনো অনুরোধ আসে তাহলে বিবেচনা করে দেখব। আর সবাই এটা জানেন যে আমরা সব ছবি চালাই না। আমাদের কাছে যেটা চালানোর মতো উপযুক্ত মনে হয় সেটাই চালাই।’
নির্মাতা মুহাম্মদ কাইউম জানান, এটা তার প্রায় দুই যুগের স্বপ্ন, পাঁচ বছরের পরিশ্রমে সিনেমাটি নির্মাণ করেছেন। হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মাণ হয়েছে চলচ্চিত্রটি। ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। ছবিটি নির্মাতা মুহাম্মদ কাইউম নিজেই প্রযোজনা করেছেন।
