নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৬টি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ইউএনও অফিস ঘেরাও করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লা পাইলট স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ফতুল্লার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। পরে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে আগামী ৭ দিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনের দাবি জানায়। পরে ইউএনও রিফাত ফেরদৌস দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ^াস দিলে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ কার্যালয় ত্যাগ করে।
জানা গেছে, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও সেহারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে বছরজুড়েই ময়লা ও দুর্গন্ধযুক্ত হাঁটু পানি জমে থাকে। জলাবদ্ধতার পাশাপাশি ডাইং কারখানার দূষিত তরল বর্জ্যে দুর্বিষহ হয়ে পড়েছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবন।
ইউএনও রিফাত ফেরদৌস বলেন, আমরা শিগগির সরেজমিনে দেখে দ্রুত প্রকল্প গ্রহণ করব। পাশাপাশি ডাইং কারখানাগুলোকে চিঠি দেব।
