বক্তব্য দেওয়া নিয়ে বিরোধের জের

কুলাউড়া সরকারি কলেজে ছাত্রদল-ছাত্রলীগের ভাঙচুর

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০১:১৯ এএম

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ-ছাত্রদল একসঙ্গে ভাঙচুর করেছে। গতকাল বুধবার বেলা ২টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় মিলাদ মাহফিলের গেট, স্টেজ ও অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর করা হয়।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এ বছরও কলেজে বার্ষিক মিলাদ মাহফিল ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি আবদুছ ছালেক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবদুর রকিব, আইনজীবী এ টি এম মান্নান, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশ প্রমুখ।

অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগ-ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে বক্তব্য দেওয়া নিয়ে প্রথমে বাগ্বিত-া হয়। পরে অনুষ্ঠান শেষে অতিথিরা খাওয়াদাওয়া করতে গেলে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা মিলাদ মাহফিলের গেট, স্টেজ ও চেয়ার ভাঙচুর করে। খাওয়া থেকে ওঠে ইউএনও এবং ওসি পরিস্থিতি শান্ত করতে তারা ব্যর্থ হন। পরে থানা থেকে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হান্নান জানান, ভাঙচুরের ঘটনায় বহিরাগত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার ভাঙচুর ও মামলার সত্যতা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত