বিচারপতি মানিকের ওপর হামলা: বিএনপির ১১ জন রিমান্ডে

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৬:০৬ পিএম

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।

এর আগে, মামলায় গ্রেপ্তার ১১ জনকে আদালতে হাজির করে ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

রিমান্ডপ্রাপ্ত ১১ আসামি হলেন—ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন খান, কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান ও মো. সাগর, বিএনপির নেতা জসীম উদ্দিন, হারুন অর রশীদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম এবং আবু তাহের।

বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় রাতেই পল্টন থানায় একটি মামলা করা হয়। মামলায় অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত