সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার কৃতিত্ব দেখানো দলকে আগামী বুধবার সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে মেয়েদের সংবর্ধনা দেওয়ার বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশেনকে (বাফুফে) অবহিত করা হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ সেপ্টেম্বর মেয়েদের সাফের ফাইনাল অনুষ্ঠিত হয়। স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা নিজেদের করে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা।
ইতিহাস গড়া সেই জয়ের পর সাবিনা-কৃষ্ণাদের বরণ করে নেয় গোটা জাতি। সে সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই মেয়েদের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সরকারপ্রধান। এবার তিনি মেয়েদের দেবেন সংবর্ধনা।
