এক পরীক্ষা দিয়ে কেন সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না, প্রশ্ন মন্ত্রীর

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৬:০৫ পিএম

যে কোনো বয়সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা যে কোনো বয়সে বিদেশের বিশ্ববিদ্যলয়ে পড়তে যেতে পারি। নিজের দেশের বেলায় এত প্রতিবন্ধকতা কেন?

শুক্রবার (৪ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্বায়ত্তশাসন দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়গুলো যেন মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হয়ে উঠে। বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধি চর্চা ও বিকাশের কেন্দ্র হবে, সেটির পাশাপাশি একটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় সারাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিশেষ করে উচ্চশিক্ষার উন্নয়নে ভূমিকা পালন করবে।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেশের পাঁচ-ছয়টি বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির মধ্যে এসেছে। এ পদ্ধতি শিক্ষার্থী-অভিভাবকের অর্থ সাশ্রয়, তাদের হয়রানি কমানোর জন্য প্রয়োজন। আমরা তো পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকি নানান কিছু নিয়ে। আমাদের দেশ থেকে পাস করে মেধবীরা যারা বিদেশে পড়তে যান, গবেষণা করতে যান, আবার ফিরেও আসেন, সেই সব দেশে ভর্তি হতে গেলে একটি মাত্র পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া যায়। আইইএলটিএস, জিম্যাট, জিআরই দিয়েই হার্বার্ট, এমআইটি, কমিউনিটি কলেজেও পড়তে যাওয়া যায়। তাহলে আমাদের দেশে একটি পরীক্ষা দিয়ে কেন সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না?

বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এত প্রতিবন্ধকতা কেন? একবারের বেশি দেওয়া যাবে না (ভর্তি পরীক্ষা), এই বয়সের পর আসা যাবে না। এটা পড়ে আসলে করা যাবে না, পড়াশোনার মধ্যে গ্যাপ থাকলে ভর্তি হওয়া যাবে না? আমরা তো জীবনব্যাপী শিক্ষার কথা বলছি। তাই যদি হয়, যে কোনো শিক্ষায় যে কোনো মানুষ আসতেই পারে। যে কোনো মানুষ জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন।

তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় এতো বড় বিশ্ববিদ্যালয়। দেশের মানুষের টাকায় চলে। সেই বিশ্ববিদ্যালয়ে কেন এত প্রতিবন্ধকতা? প্রতিবন্ধকতার দেয়ালগুলো তুলে দিতে হবে। যে কোনো বয়সে যে কোনো মানুষের শিক্ষার অধিকার আছে। পরীক্ষা না দিয়ে তো সে ভর্তি হবে না। যোগ্যতা দেখিয়েই সে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে। তার বয়স কুড়ি না পঞ্চশ সেটি বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়।  তাহলে আপনরা আমরা যারা বিদেশে পড়ার সুযোগ পেয়েছি। আমরা তো তাহলে সুযোগ পেতাম না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত