বাহাত্তরের মূল সংবিধান ফিরে পেতে চাই: আইনমন্ত্রী

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম

১৯৭২ সালের মূল সংবিধান ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৭২ সালের মূল সংবিধানের অনেক কিছুই ফিরে পেয়েছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আর কিছুটা ফিরে পাওয়ার চেষ্টা করেছি। সেখানে কিছুটা বাধা-বিপত্তি এসেছে এবং এটি এখন সাবজুডিস ম্যাটার (বিচারাধীন বিষয়)। আমরা অবশ্যই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছি। এর কারণ আমরা বাহাত্তরের মূল সংবিধান ফিরে পেতে চাই।’ 

‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষে শনিবার রাজধানীর ধানমন্ডিতে  ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবিধানের ৯৬(২) অনুচ্ছেদ বা ষোড়শ সংশোধনী বাতিলের রায় কার্যকর না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে একটি রিভিউ (রায় পুনর্বিবেচনা) পিটিশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। আশা করছি, এর শুনানি কিছুদিনের মধ্যেই শেষ হবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট যেভাবে রায় দেবেন, আমরা ঠিক সেভাবেই কাজ করব।’ 

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বলবৎ রাখার প্রাসঙ্গিকতা নিয়ে আনিসুল হক বলেন, ‘আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার যাতে কায়েম করা যায় সে জন্য সরকার গঠন করেছি। এখন যদি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য কোনো আইন করার ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দিই, তাহলে তো আমি যে ম্যান্ডেট নিয়ে পাস করে এসেছি, তার বিরুদ্ধে ভোট দেওয়া হবে। সেই ক্ষমতা কিন্তু জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে দেয়নি।’  

এক প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী নির্বাচনের আগে কারাগারে পাঠানোর কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই। তবে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন-বাড়াবাড়ি করলে...।’ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালতে তারেক রহমানের সাজা বাড়াতে আপিল করা হবে কিনা? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আপনারা অপেক্ষা করুন, দেখুন কী হয়। 

বিলিয়ার চেয়ারপারসন ব্যারিস্টার এম আমির-উল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত