আজ ৫ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবি শিক্ষার্থীদের হাতে 'এমজিআই-মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ' তুলে দেওয়া হয়। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সহায়তায় প্রতিষ্ঠিত এক কোটি টাকার শিক্ষাবৃত্তি স্কিমের আওতায় মার্কেটিং ডিপার্টমেন্ট-এর পাঁচ ব্যাচের ৫২ শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও, অনুষ্ঠানে অধ্যাপক ড. মীজানুর রহমান-এর শিক্ষকতা জীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা গ্রন্থ প্রকাশ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্তদের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. মীজানুর রহমান এবং এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা।
দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়িক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর শিক্ষাক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে 'এমজিআই-মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ' প্রদান করা হয়েছে। শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে এমজিআই-এর সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
