সাকিবের আউট নিয়ে যা বললেন পাকিস্তানের শাদাব খান

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১২:২৯ এএম

খেলা তখন গড়িয়েছিল একাদশম ওভারে। বোলিংয়ে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান। আগের বলেই আউট হয়ে ফিরেছিলেন সৌম্য সরকার। পঞ্চম বলটি সামনে এসে খেলতে গিয়েছিলেন সাকিব। শাদাবের ফুললেংথের ডেলিভারিতে বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লিউয়ের আবেদন হলে বেশ খানিকটা সময় নিয়ে তাতে সাড়া দেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। সাকিব রিভিউ করেছিলেন সঙ্গে সঙ্গেই। কিন্তু থার্ড আম্পায়ার ল্যাংটন রুসেরেও আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।

এই সিদ্ধান্তের পর মাঠেই বিস্ময় প্রকাশ করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তার এলবি আউটটি নিয়ে আম্পায়ারের কাছে ব্যাখ্যা চেয়েছেন। কিন্তু ক্রিকেটে যে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছেন আকাশ চোপড়া। ম্যাচ শেষে মুখ খুলেছেন পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খানও।

শাদাবের করা ইনিংসের ১১তম ওভারেই আউট হন সাকিব। আম্পায়ারের এলবিডব্লু দেওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বাংলাদেশের অধিনায়ক। টেলিভিশন রিপ্লেতেও পরিষ্কার দেখা গেছে, সাকিবের ব্যাট অতিক্রম করার সময় সেটি ছুঁয়ে গেছে শাদাবের বল। কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে জিম্বাবুয়ের টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরে শেষ পর্যন্ত ফিল্ড আম্পায়ারের এলবিডব্লুর সিদ্ধান্তই বহাল রাখেন।

ইনিংস ব্রেকে সেই শাদাবই কথা বলেছেন সাকিবের আউট নিয়ে। এই লেগ স্পিনার বলেছেন আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, ‘বোলাররা তাদের কাজ করেছে। কন্ডিশন কাজে লাগিয়ে বোলাররা বল করেছে। সাকিবের বেলায় আম্পায়ার আউট দিয়েছে, অর্থাৎ এটি আউট ছিল।’

মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করলেও ম্যাচ শেষে নিজের আউট নিয়ে কোনো কথা বলেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আম্পায়ারকে, ‘আমার কাছে, আমাদের সবার কাছে মনে হয়েছে আউটটা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম, আউট হয়নি। সিদ্ধান্ত আম্পায়ারের, এর ওপরে কিছু বলার নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত