প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারি বিভাগ।
রোববার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিবি বলছে, গত দুই মাসে চক্রটির সদস্যরা প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারকরা প্রবাসীদের টার্গেট করেই তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। তারা ইমো হ্যাক করার পর আত্মীয়-স্বজনদের কাছে জরুরি মেসেজ পাঠিয়ে টাকা চেয়ে নিত। এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে এ ব্যাপারে বিস্তারিত জানান, ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, গত রোববার দিবাগত রাতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আব্দুল মমিন, মো. রবিউল ইসলাম ওরফে রবি, মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ, মো. সাব্বির, মো. চাঁন মোল্লা এবং মো. আরিফুল ইসলাম। এ সময়ে তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন এবং হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল অপারেটরের ১৯টি সিমকার্ড উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, গত ৯ অক্টোবর রাত ১০টার দিকে নুরুল ইসলামের বড় ভাই কাতার প্রবাসী কাশেমের ইমো আইডি থেকে একটি মেসেজ আসে। মেসেজের বার্তাটি ছিল- আমার টাকার প্রয়োজন, আমি বিকাশ নম্বর পাঠাইলে টাকা দিও। পরের দিন দুপুর ১২টার দিকে ভুক্তভোগী নুরুল ইসলামের ইমো আইডিতে আরও একটি মেসেজ আসে- আজকে বিকাশের রেট কত? ২৫ হাজার টাকা পাঠানো যাবে। এরপর আরও কয়েকটি মেসেজ ও ভয়েস মেসেজ আসে। পরে নুরুল ইসলাম সেই মেসেজের ওপর ভিত্তি করে হ্যাকারদের দেয়া বিকাশ নম্বরে তিনবারে ৬৫ হাজার টাকা সেন্ড করেন। পরবর্তীতে নূরুল ইসলাম তার বড় ভাইয়ের ইমো আইডি বন্ধ পেলে তার ভাবির ইমো আইডি থেকে বড় ভাই মো. আবুল কাশেমকে ৬৫ হাজার টাকা পাঠানোর কথা জানায়। এসময় তার বড় ভাই কাতার প্রবাসী কাশেম তার ইমো অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সেই ইমো আইডি থেকে বিভিন্ন ইমো আইডিতে মেসেজ দিয়ে টাকা চাওয়া হয়েছে। নূরুল ইসলাম তার প্রবাসী বড় ভাইয়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয় যে, তার টাকা হ্যাকাররা সুকৌশলে হাতিয়ে নিয়েছে। পরে নুরুল ইসলামের দেয়া তথ্য মতে গোয়েন্দা ওয়ারী বিভাগ তথ্য প্রযুক্তির সহয়তায় আসামিদের গ্রেপ্তার করেছে।
