পুঁজিবাজারে বিভিন্ন ধরনের বন্ড ও কারিগরি উন্নয়নে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল সোমবার দেশের পুঁজিবাজারের সার্বিক অবকাঠামো নিয়ে নিয়ন্ত্রক সংস্থার (বিএসইসি) সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দিয়েছে আইএমএফ প্রতিনিধিদল। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
আইএমএফের একটি প্রতিনিধিদল সকাল সাড়ে ১০টায় এসইসিতে আসে। এসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি আইএমএফের সঙ্গে বৈঠক করে।
নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, এটি একটি রুটিন বৈঠক। আইএমএফ যতবার বাংলাদেশে আসে প্রতিবার কমিশনের সঙ্গে বসে। প্রতিবার আইএমএফ এ ধরনের সভা করে। আলোচনায় অটোমেশন পেয়েছে বিশেষ গুরুত্ব। তবে ফ্লোর প্রাইস নিয়ে কথা হয়নি।
তিনি জানান, আইএমএফ আলোচনা করেছে এসইসি পুঁজিবাজারের উন্নয়নে কী কী উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে। ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে তারা খুব সন্তোষ প্রকাশ করেছে। এটা একটি ভালো উদ্যোগ বলে জানিয়েছে তারা। এটা বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বলে তারা কমিশনকে ধন্যবাদ জানায়।
রেজাউল করিম জানান, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (রিটস) প্রোডাক্ট, ডেরিভেটিবসহ নতুন নতুন পণ্য কীভাবে আনা যায় সে বিষয়ে তারা সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে। এসব বিষয়ে আরও বেশি উদ্যোগ নেওয়ার জন্য তারা এসইসিকে অনুরোধ করেছে।
এ ছাড়া কমোডিটি এক্সচেঞ্জসহ পুঁজিবাজার অবকাঠামো উন্নয়নে তারা কারিগরি সহযোগিতা করবে। এসইসি যে কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে কাজ এগিয়েছে সেটা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছে। এ ছাড়া পরিবেশবান্ধব বন্ড বাজারে আনতে তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে। এ ধরনের বন্ডের চাহিদা ও জোগান বাড়াতে তারা সহযোগিতা করতে চেয়েছে। তারা কোনো সুপারিশ করেনি। তারা মূলত দেশের পুঁজিবাজার উন্নয়নে রিস্ক ম্যানেজমেন্টসহ অবকাঠামো উন্নয়নে কথা বলেছে। এ ছাড়া তারা অটোমেশনের ওপর জোর দিয়েছে।
