বান্দরবানের তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৩:০৭ এএম

নিরাপত্তার কারণে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচিসহ চার উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এর আগে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় গত ১৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়। রুমা ও থানচি দুটি উপজেলায় গত ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। পরে ওই চার উপজেলার ওপর নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত করা হয়। তবে ৮ নভেম্বরের নিষেধাজ্ঞায় চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো নিষেধজ্ঞায় পর্যটক ভ্রমণে আলিকদম উপজেলাকে বাদ দেওয়া হয়েছে।

গত ২০ অক্টোবর টানা অভিযান চালিয়ে বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সাতজন এবং পাহাগি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিনজনসহ ১০ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত