প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান ফাইনালে ওঠেছে। আজ অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালে। ইংলিশদের হারাতে পারলেই রবিবার মেলবোর্নে টুর্নামেন্টের ফাইনালে হবে মহারণ। মুখোমুখি হবে এশিয়ার দুই প্রতিবেশী। বলা ভালো দুই চিরপ্রতিদ্বন্দ্বি।
তবে ইংলিশ অধিনায়ক চান না ক্রিকেটের দুই ধ্রুপদী ফাইনালে খেলুক। এশিয়ার সমর্থকদের সে প্রত্যাশায় জল ঢেলে দিতে চান জস বাটলার। অ্যাডিলেডে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাটলার বলেছেন, ‘দেখুন, আমরা অবশ্যই চাইব না ভারত–পাকিস্তান ফাইনাল হোক। এটা হতে না দিতে যা কিছু করা দরকার, করব।’
বাটলার অবশ্য ভারতকে বেশ সমীহ করছেন, ‘ওরা খুব শক্তিশালী দল। দীর্ঘদিন হলো ওরা বেশ ধারাবাহিক। দলে কিছু সহজাত প্রতিভা আছে, তাদের ক্রিকেট জ্ঞানের গভীরতাও অনেক। তাতে ওদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে।’
এবারের আসরে ভারতের হয়ে বিধ্বংসী ব্যাটিংয়ে আলো ছড়াচ্ছেন সূর্যকুমার যাদব। সুপার টুয়েলভ পর্বে ৩ ম্যাচে ফিফটি করেছেন; স্ট্রাইকরেট ২০০ ছুঁই ছুঁই। আইসিসি টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে এসেছেন তিনি।
সূর্যকুমারকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে বাটলার, ‘ওর খেলা দেখতে ভালো লাগে। আমার চোখে সে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান। স্বাধীনভাবে খেলতে পারাটাই ওর সবচেয়ে বড় শক্তি। হাতে প্রচুর শট আছে। তবে যেকোনো ব্যাটসম্যানকে আউট করতে একটি ভালো বল যথেষ্ট। একটা সুযোগ সৃষ্টি করলেই (ওর) উইকেট তুলে নেওয়া সম্ভব। আমরা সেই উপায় খুঁজতে মরিয়া হয়ে আছি।’
