ডুবন্ত আ.লীগকে তুষ্ট করবেন না, প্রশাসনকে প্রিন্স

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৫:২০ পিএম

কথায় কথায় গুলি করা আওয়ামী সরকারের মজ্জাগত অভ্যাস উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ৭ নভেম্বর কিশোরগঞ্জে যুবদলের নেতা-কর্মীদের ওপর বিনা উসকানিতে পুলিশের নির্বিচারে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে। যারা এই নির্মম, নিষ্ঠুর, ন্যাক্কারজনক হামলা করেছে তাদের তালিকা করা হচ্ছে, সেদিন বেশি দূরে নয়, যেদিন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর কিশোরগঞ্জে পুলিশের হামলা, গুলিবর্ষণের প্রতিবাদে পৌর শহরের পুরান থানা রোডে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে ও সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড.ওয়ারেস আলী মামুন, সাবেক জজ রেজাউল করিম চুন্নু বক্তব্য রাখেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আগে জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি আজিম উদ্দিল স্কুল মাঠে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে এমরান সালেহ প্রিন্স প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আওয়ামী সরকারের দিন ফুরিয়ে আসছে, ডুবন্ত সরকারকে তুষ্ট করার চেষ্টা না করে জনগণকে অধিকার চর্চার পথ সুগম করুন। বিএনপির শান্তিপূর্ণ উপায়ে সংবিধান স্বীকৃত রাজনৈতিক অধিকার প্রয়েগে বাধা দিয়ে আওয়ামী অনুগত প্রশাসন সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহিতা করছে। বিএনপি সংঘাত নয় শান্তি চায়। কিন্তু শান্তি বিঘ্নিত করতে যারা সংঘাত উসকে দিচ্ছে, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা দেশ ,জনগণ, গণতন্ত্রের বারোটা বাজাতে চায়।

তিনি নেতাকর্মীদের ওপর হয়রানি বন্ধ, গ্রেপ্তার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রওনক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, সেলিম মিয়াসহ সব নেতার মুক্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল হোসাইন, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নাজমুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক নেভিনসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। হামলা, মামলা, হয়রানি, নির্যাতন বন্ধ করে কিশোরগঞ্জে স্বাভাবিক সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানান প্রিন্স।

প্রতিবাদ সমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, কিশোরগঞ্জে বিনা উসকানিতে পুলিশ হামলা করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করল। আবার গভীর রাতে বিএনপির সিনিয়র নেতাসহ আহতদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে। বাড়ি তল্লাশির নামে পরিবারের সাথে নির্লজ্জ আচরণ করছে। এসব ঘটনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উসকানিমূলক 'খেলা হবে' স্লোগানের প্রতিফলন।

তিনি বলেন, বিএনপি প্রশাসনের শত্রু নয় বা প্রশাসনও বিএনপির শত্রু নয়। তাই প্রশাসনকে সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত না হওয়ার আহ্বান জানান ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত