সেই গোটসেকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৭:৪১ পিএম

মারিও গোটসের কথা মনে আছে! ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির জয়ের নায়ক। অতিরিক্ত সময়ে গোল করে যিনি লিওনেল মেসির স্বপ্ন ভেঙেছিলেন। তাতে চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল জার্মানি। অথচ সেই গোটজে জায়গা পাননি রাশিয়া বিশ্বকাপে। যেখানে আবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

হতাশায় মোড়ানো ২০১৮ সালের বিশ্বকাপ তাই নিশ্চয়ই ভুলে যেতে চাইবে জার্মানি। গ্রুপের তলানিতে থেকে বিদায় নিতে হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। পরে ইউরোতেও ইংল্যান্ডের কাছে হেরে শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি জোয়াকিম লোর শিষ্যরা।

তাই জার্মানদের পুরনো রূপে ফিরিয়ে আনতে লোর স্থলাভিষিক্ত হয়েছেন হ্যান্সি ফ্লিক। অতীত ভুলে কাতারে নতুন মিশন সফল করতে নিজের ‘সেনাদল’ প্রস্তুত করে ফেললেন ফ্লিক। পাঁচ বছর পর জাতীয় দলে দলে ফিরিয়েছেন ফাইনাল জয়ের সেই নায়ক মারিও গোটসেকে।

image

এছাড়া ১৭ বছর বয়সী আনক্যাপড খেলোয়াড় ইউসুফা মোকোকোকে রেখেছেন ফ্লিক। তবে রবিন গসেনস কিংবা ম্যাটস হামেলসকে না রেখে অবাক করলেন তিনি। ইনজুরির কারণে আবারও জায়গা হয়নি মার্কো রিউসের। আট বছর আগে মারাকানায় ইতিহাস গড়ার অন্যতম কারিগর ম্যানুয়েল ন্যয়ার ও থমাস মুলার জায়গা পেয়েছেন। এছাড়া দলে শক্তি বাড়াতে আছেন অ্যান্টনিও রুডিগার, জোশুয়া কিমিচ, ইকে গুন্ডোগান, জামাল মুসিয়ালা, সার্জ গিন্যাব্রি ও লেরয় সানে।

আগামী ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে শুরু হবে জার্মানির বিশ্বকাপ। ‘ই’ গ্রুপে তাদের অন্য ম্যাচ দুটি স্পেন ও কোস্টারিকার বিপক্ষে।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: ম্যানুয়েল ন্যয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ।

ডিফেন্ডার: আর্মেল বেল্লা-কোটচাপ, মাথিয়াস গিন্টার, ক্রিস্টিয়ান গুন্টার, থিলো কেহরার, লুকাস ক্লোস্টারম্যান, ডেভিড রাউম, অ্যান্টনিও রুডিগার, নিকো শুলোটারবেক, নিকলাস সুলে।

মিডফিল্ডার: জশুয়া কিমিচ, জামাল মুসিয়ালা, ইকে গুন্ডোগান, লিওন গোরেৎকা, জুলিয়ান ব্র্যান্ডট, জোনাস হফম্যান, মারিও গোটশে।

ফরোয়ার্ড: কাই হ্যাভার্জ, সার্জ গিন্যাব্রি, থমাস মুলার, লেরয় সানে, করিম আডেয়েমি, ইউসুফা মোকোকো, নিকলাস ফুলক্রুগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত