আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবারের সমাবেশকে ঘিরে সংঘর্ষে জড়িয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ যুবলীগ। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দাউদপুর ইউনিয়নের বীরহাটাব এলাকায় সংঘর্ষের ওই ঘটনা ঘটে।
জানা গেছে, সমাবেশের প্রস্তুতি উপলক্ষে গতকাল দুপুরে আলোচনা সভার আয়োজন করে রূপগঞ্জ যুবলীগের একটি পক্ষ। এ সভা পণ্ড করতে আরেকটি পক্ষ চেষ্টা চালায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা, পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশের সহায়তায় বিকেলে ওই সভা শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একপক্ষ দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে রফিকুল ইসলামকে এবং অন্যপক্ষ যুবলীগের সভাপতি হিসেবে হুমায়ুন কবিরকে দাবি করে। হুমায়ুন কবিরের পক্ষ সভার আয়োজন করে। এতে দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিনকে প্রধান অতিথি এবং দাউদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারকে বিশেষ অতিথি করা হয়। দুপুর ১২টার দিকে সভা পণ্ড করতে রফিকুলসহ তার পক্ষের লোকজন এসে বাধা দেয় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেন। একপর্যায়ে উভয়পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
