ট্রলারে ফরিদপুর যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৯:৩০ এএম

ফরিদপুরে গণসমাবেশে যোগ দিতে শিবচর থেকে ট্রলারে করে রওনা হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যানবাহন না পাওয়া, ধরপাকড় ও  হয়রানি এড়াতে নদী পথ বেছে নিয়েছেন তারা।

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের তীরবর্তী মাদবরেরচর হাটের কাছ থেকে তিনটি ট্রলার ফরিদপুরের উদ্দেশে ছেড়ে গেছে। তিনটি ট্রলারে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী রয়েছে। 

মাদবরেরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমারাত বেপারী জানান, শিবচর উপজেলার মাদবরেরচর হাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর ঘাট থেকে তিনটি ট্রলারে আমরা উপজেলার দত্তপাড়া, পাচ্চর, সন্ন্যাসীর চর, বন্দরখোলা, পাচ্চর,কাঠালবাড়ি ও কুতুবপুর ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী রাত ২টার দিকে রওনা হয়েছি। ট্রলারগুলো এখন ফরিদপুরের কাছাকাছি রয়েছে। 

তিনি আরও বলেন, শিবচর থেকে কোনো বাস, মাইক্রোবাস ভাড়া পাওয়া যায়নি। পরে আমরা এলাকা থেকে বড় দুইটি ট্রলার ভাড়া করি। গতকাল রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁধা দিলে পরে আমরা ছোট তিনটি ট্রলার ভাড়া করে রওনা হয়েছি। নেতা-কর্মীদের নিয়ে ফরিদপুর পৌঁছানোর আর কোনো পথ ছিল না। তাই নৌপথেই রওনা হয়েছি।

এদিকে আরেকটি ট্রলারে ফরিদপুর যাচ্ছেন মাদবরেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক রেজাউল করিম রেজা। তিনি বলেন, আমাদের ভাড়া করা বড় ট্রলার বাধা দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে আমরা ওই ট্রলার রেখে অন্য ট্রলার ভাড়া করি। বড় ট্রলারে রাখা আমাদের খাবারগুলো আনতে পারিনি। বর্তমানে আমরা ফরিদপুরের সিএন্ডবি ঘাটের কাছাকাছি আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত