শ্রীপুরে বৈদ্যুতিক মোটরের সুইচ বিস্ফোরণে যুবকের মৃত্যু

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১:২৯ এএম

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক মোটরের সুইচবোর্ড বিস্ফোরিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টায় বরমী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নিমাইচালা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান (৪০) নামে ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। সুইচ বোর্ড বিস্ফোরণে বিদ্যুতায়িত হওয়ায় তার শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, মজিবুর রহমান সৌদি আরব থাকতেন। কিছুদিন হলো তিনি বাড়ি ফিরেছেন। বাড়িতে এসে কৃষিকাজে যুক্ত হন।

আজ সকাল নয়টার দিকে তিনি তাদের পুরাতন বাড়িতে যান। সেখানে গিয়ে পাশের কলা ক্ষেতে পানি দেওয়ার জন্য মোটরের সুইচ (সাবমারসিবল) চাপেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ হয়ে পুরো সুইচ বোর্ড বিস্ফোরিত হয়।

এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

শ্রীপুর মডেল থানার এসআই ফুরকান খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। ফোর্স নিয়ে ঘটনাস্থল যাওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত