টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের দাবিদার কারা?

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০২:০৯ পিএম

অস্ট্রেলিয়ায় আয়োজিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দারুণ সব ম্যাচ উপহার দিয়েছে দর্শকদের। ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর ছিলেন অনেকে। যাদের মধ্যে ফাইনাল শেষে কোনো একজন পাবেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

শুক্রবার সেরা খেলোয়াড়দের দৌড়ে থাকাদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। ৯ জন খেলোয়াড় ঠাঁই পেয়েছেন সেখানে।

এক নজরে দেখে নেওয়া যাক কারা আছেন এ তালিকায়-

বিরাট কোহলি (ভারত)

এবারের আসরটি দারুণ কেটেছে ভারতের সাবেক অধিনায়কের। যদিও দল বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। তবে কোহলি ৬ ম্যাচে চোখ ধাঁধানো ৯৮.৬৬ গড়ে ২৯৬ রান করেছেন। এখন পর্যন্ত যা এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ।

সূর্যকুমার যাদব (ভারত)

৬ ম্যাচে ২৩৯ রান করেছেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের মঞ্চে তার পারফরম্যান্স থেকেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শাদাব খান (পাকিস্তান)

পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান রয়েছেন তালিকায়। ব্যাটে-বলে দারুণ একটা টুর্নামেন্ট কাটছে তার। সুপার টুয়েলভ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন। এক ফিফটিসহ পাঁচ ইনিংসে রান করেছেন ৭৮।

শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)

বাঁহাতি এই পেসার প্রতি ম্যাচেই নতুন বলে ভয়ঙ্কর হয়ে উঠেছেন। ৬ ম্যাচে এখন পর্যন্ত তার শিকার ১০ উইকেট।

স্যাম কারেন (ইংল্যান্ড)

ইংল্যান্ডের স্যাম কারেন রয়েছেন তালিকায়। বল হাতে মাঝের ওভারগুলোতে প্রতি ম্যাচে ইংল্যান্ডকে ভরসা জুগিয়েছেন তিনি। এ ছাড়া লোয়ার অর্ডারেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন।

জস বাটলার (ইংল্যান্ড)

সেমিফাইনালে অ্যালেক্স হেলসের সঙ্গে ১৭০ রানে উদ্বোধনী জুটিতে ভারতকে গুঁড়িয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক। খেলেন ৪৯ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস। এখন পর্যন্ত ৫ ম্যাচে তার রান ১৯৯।

অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)

অ্যালেক্স হেলস ভারতের বিপক্ষে ৪৭ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এখন পর্যন্ত ৫ ম্যাচে ২১১ রান তার।

সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)

জিম্বাবুয়ে শিবিরের ব্যাটিং লাইন আপের একমাত্র স্তম্ভ সিকান্দার রাজা। জিম্বাবুয়ে পাকিস্তানকে যেই ম্যাচে হারিয়ে অঘটন ঘটিয়েছিল, সেই ম্যাচেও নায়ক ছিলেন রাজা। ৮ ম্যাচে ২১৯ রান করেছেন। উইকেট নিয়েছেন ১০টি।

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার ম্যাচগুলোতে মাঝ ইনিংসে গুরুত্বপূর্ণসব ব্রেক থ্রু এনে দিয়েছেন এই লেগি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

আরও পড়ুন

ফাইনালের আগে এমসিজিতে ক্রিকেট সমর্থকদের উৎসব

বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে কী হবে

ফাইনালে আম্পায়ার সেই ধর্মসেনা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত