ফাইনালে এসে টুর্নামেন্টের প্রথম নো বল ইংল্যান্ডের

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০২:২১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই ইংল্যান্ড ছিল দাপুটে। বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের সঙ্গে যদিও পেতে হয়েছে হারের তেতো স্বাদ, তবুও শেষ পর্যন্ত নিজেদের দাপট ধরে রেখে সুপার টুয়েলভ থেকে এসেছে সেরা চারে। সেখানে ভারতকে গুড়িয়ে দিয়ে ফাইনালে নিশ্চত করে তারা। যেখানে তাদের সামনে হাতছানি তিরিশ বছর আগের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার।

তবে প্রতিশোধের ম্যাচের প্রথম ডেলিভারিতেই নো বল দেন বেন স্টোকস। তার করা ফুল লেংথের বলটি ছিল অফ স্টাম্পের অনেকটা বাইরে। সে বল থেকে রান নিতে পারেননি ব্যাটাররা। কিন্তু আম্পায়ার ম্যারাইস ইরাসমাস নো বলের সংকেত দেন। 

গোটা টুর্নামেন্টে এটাই ইংলিশ বোলারদের দেওয়া প্রথম কোনো নো বল। সুপার টুয়েলভের পাঁচটি এবং সেমিফাইনালসহ মোট ৬ ম্যাচের কোনোটিতেই ইংল্যান্ড বোলাররা প্রতিপক্ষকে ফ্রি হিটের সুযোগ দেননি। তবে ফাইনালে এসে সেই ধারাবাহিকতাটা রাখতে পারেননি বেন স্টোকসরা। 

এছাড়াও ফাইনালের প্রথম ওভারটাই ছিল নানা ঘটনাবহুল। নো ডেলিভারির পরের বলটি আবার হয়েছে ওয়াইড। তবে এরপর ফ্রি হিটে কোনো রান আসেনি। উল্টো চতুর্থ বলে রানআউট হতে যাচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান। মিডঅফে বল টোকা দিয়ে সিঙ্গেল নিতে গিয়েছিলেন, ইংল্যান্ডের সেরা ফিল্ডার ক্রিস জর্ডান বল ছুঁড়ে মেরেছিলেন, কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি।

স্টোকসের প্রথম ওভারে এসেছে ৮ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.১ ওভার থেকে পাকিস্তান কোনো উইকেট না হারিয়ে করেছে ২২ রান। ইনিংসের ১৯তম বলে এসে প্রথম বাউন্ডারির দেখা পেয়েছেন রিজওয়ানরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত