কৃষি উদ্যোক্তা দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে: চিকিৎসক

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০২:৩৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি উদ্যোক্তা দুরন্ত বিপ্লবকে (৫১) মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন লাশের ময়নাতদন্ত চিকিৎসক মফিজ উদ্দিন। 

রোববার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়।

চিকিৎসক মফিজ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে কোনো বস্তু দিয়ে দুরন্তের মাথায় আঘাত করা হয়েছে। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

দুরন্তের ভাই দুর্জয় বিপ্লব বলেন, ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জের ভাড়া বাসা থেকে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন তার ভাই। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ৯ নভেম্বর আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।

দুর্জয় বিপ্লব আরও জানান, চার বছর আগে তার ভাই চার বন্ধুর সঙ্গে মিলে দক্ষিণ কেরানীগঞ্জে একটি কৃষি খামার করেছিলেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, এটা পুলিশ উদঘাটন করবে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন ভাইকে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার বিকালে দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি ও সমবায়বিষয়ক সদস্য। দুরন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। নিহত দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত