১০ ডিসেম্বর সরকারি, ১৩ ডিসেম্বর বেসরকারি স্কুলে লটারির প্রস্তাব

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১১:৩২ পিএম

আগামী ১৬ নভেম্বর বুধবার থেকে অনলাইনে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আবেদন প্রক্রিয়া। 

এ ছাড়া মাউশি প্রস্তাব করেছে, ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সরকারি স্কুলের ভর্তির লটারি। আর ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেসরকারি স্কুলের ভর্তির লটারি। ২৮ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া। 

কোনো স্কুল কোনো শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিতে পারবে না, সবাইকে লটারির মাধ্যমে ভর্তি করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরিচালনা পর্ষদের জন্যও কোনো কোটা রাখা যাবে না।

জানতে চাইলে মাউশি অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন রোববার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ইতিমধ্যে ভর্তি সংক্রান্ত প্রস্তাবনা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা যে তারিখের প্রস্তাব পাঠিয়েছি, সেখান থেকে আগে-পিছেও হতে পারে। মন্ত্রনালয় থেকে ভর্তি নীতিমালা জারির পরই তা কার্যকর হবে। যে কোনো সময় এই নীতিমালা জারি হতে পারে।’ 

মাউশি অধিদপ্তর সূত্র জানায়, সরকারি-বেসরকারি সব স্কুলেই অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। এবারও আগের মতোই ১১০ টাকা থাকছে ভর্তি ফি। আর রাজধানীর এমপিওভুক্ত স্কুলে ভর্তি ফি পাঁচ হাজার, নন-এমপিওতে সর্বোচ্চ আট হাজার এবং ইংরেজি মাধ্যমে ১০ হাজার টাকা নেয়া যাবে। আর অন্যান্য মেট্রোপলিটন শহরে তিন হাজার টাকার বেশি নেয়া যাবে না।

এদিকে আগামী বছর বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইটে সরকারি-বেসরকারি স্কুলগুলোর তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাউশি অধিদপ্তর। 

সোমবারের মধ্যে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ের স্কুলগুলোর তথ্য আপলোড করতে বলা হয়েছে।

তবে জানা গেছে, ভর্তি নীতিমালা জারির আগেও বেসরকারি অনেক মাধ্যমিক বিদ্যালয় ভর্তি আবেদন গ্রহণ শুরু করেছে। আবার কিছু স্কুল ভর্তি নীতিমালার জন্য অপেক্ষা করছে। এতে অভিভাবকরা স্কুল পছন্দের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত