ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাইদ হোসেন (৪৫) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কেষ্টপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে।
নিহত সাইদ হোসেন কেষ্টপুর গ্রামের জাবের উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের সাবেক মেম্বার আশা ও বর্তমান মেম্বার আব্দুল মান্নানের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে আব্দুল মান্নানের সমর্থক তরিকুল ইসলাম পার্শ্ববর্তী বিএলকে বাজারে তেল আনতে যায়। সে সময় সাবেক মেম্বার আশার লোকজন তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। এই ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইদ হোসেনকে মৃত বলে ঘোষণা করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, কেষ্টপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানায় পুলিশের ওই কর্মকর্তা।
