১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে মামলার রায় ২৩ নভেম্বর

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৩:৫৮ পিএম

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০১ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক দুটি মামলার রায় ২৩ নভেম্বর ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল রায়ের এই দিন ধার‌্য করেন।

এ সময় কাঠগড়ায় উপস্থিত ১৮ জন আসামিকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিলে মো. হাশেম প্রকাশ অংকু নামের এক আসামি কৌশলে পালিয়ে গেছে।

যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- নুরুল হুদা মেম্বার, শাহ  আলম, আবদুর রহমান, ফরিদ আলম, মাহবুব আলম, রশিদ আহমদ, মো. তৈয়ব, জাফর আলম, আবু তৈয়ব, আলী নেওয়াজ, মো. আইয়ূব, কামাল হোসেন, নুরুল বশর, আবদুল করিম, দিল মোহাম্মদ, ও মো. শাকের মিয়া, মো. কাশেম প্রকাশ আকবর আলী।

এই বিষয়ে কক্সবাজার সদর আদালতের সাধারণ নথি নিবন্ধক (জিআরও) এসআই আবদুল মোতালেব বলেন, জেলা জজ আদালত থেকে আমাদের কাছে কারাগারে পাঠানোর জন্য ১৭ জন আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদুল আলম বলেন, মামলার বিচারিক কাজের সর্বশেষ দিন ১৫ নভেম্বর কাঠগড়ায় ১৮ জন আত্মসমর্পণকারী ইয়াবা কারবারি উপস্থিত ছিলেন। এর মধ্যে একজন কৌশলে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রয়েছে। আগামী ২৩ নভেম্বর ওই দুই মামলার রায় ঘোষণা করা হবে। এই দুটি মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

ফরিদুল আলম আরও বলেন, সাজা নিশ্চিত জেনে অনেক চিহ্নিত ইয়াবা কারবারি আজ আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন। মামলা চলাকালে সোহেল নামে এক আসামি কারাগারে মারা গেছেন।

আত্মসমর্পণের পর তাদের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা এবং ৩০টি দেশীয় তৈরি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে উল্লেখ করে টেকনাফ থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত