নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিং ফিশার ডকইয়ার্ডে ব্রয়লার বিস্ফোরণে নুরুজ্জামান মিয়া নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টায় উপজেলার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে।
নিহত নুরুজ্জামান মিয়া ঢাকার দেহার এলাকার বাসিন্দা। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, বুধবার সকাল ৯টায় মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংগাই-৮ জাহাজে হঠাৎ ব্রয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো এলাকা কেঁপে উঠে।
বিস্ফোরণে নুরুজ্জামান, সহিদুল মিয়া, ইউনুস মিয়াসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় নুরুজ্জামানকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২ এর উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে বিকট শব্দ হয়েছে। নুরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এ ব্যাপারে ডকইয়ার্ডের মালিক মাসুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
