বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, ‘বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে শত বাধা পেরিয়ে নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এতে সাধারণ মানুষও অংশ নিচ্ছেন। এসব দেখে সরকারের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এই ভীতি থেকে ঢাকা বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে, অস্বাভাবিক আচরণ করছে।’
বুধবার বিকেলে নগরীর কদমতলীতে জাতীয়তাবাদী মহিলা দলের শ্যামপুর-কদমতলী থানার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুস সালাম বলেন, ‘উন্নয়নের নামে সরকার লুটপাট করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কোনো সঠিক হিসাব তারা দিতে পারছে না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা একেকজন একেক কথা বলছেন। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সংশ্লিষ্টদের ভিন্ন ভিন্ন বক্তব্যে জনমনে আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে।’
তিনি বলেন, ‘জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অব্যবস্থাপনা এবং অব্যাহত লোডশেডিংয়ে জনগণের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। এর প্রতিবাদে সারা দেশের জনগণ ফুঁসে উঠেছে তখন ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে সরকারের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। ভীত-সন্ত্রস্ত সরকার তাই সমাবেশ বানচালের কূটকৌশলে লিপ্ত। দিগ্বিদিক হারিয়ে ফেলছে। সমাবেশে যেন জনসমাগম কম হয় এ জন্য তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি, পরিবারের লোকজনের সঙ্গে অসদাচরণ করছে।’
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আকতারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনসহ শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি এবং মহিলা দলের নেতৃবৃন্দ।
আফরোজা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে আমরা রাজপথে আন্দোলন করছি। জনগণ আমাদের আন্দোলনে শরিক হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি মুক্তযুদ্ধ আমাদের করতে হবে।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় গ্রামীণ মা-বোনেরা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, খাবার খাইয়েছেন, বিভিন্ন সহযোগিতা করেছেন। এখন আবার মুক্তিযুদ্ধের মতো আমাদের মা-বোনদের এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের পাশে থেকে সাহস জোগাতে হবে।’
