তার কৌশলগুলো যেন ফুটবলের একেকটা শিল্প। যা দেখার প্রতীক্ষায় প্রহর গুণেন ভক্তরা। দুই দিন পর শুরু হতে যাওয়া বিশ্বকাপে তা দেখে চোখ জোড়াবেন সমর্থকরা। তবে তার আগে আর্জেন্টিনা সেরে নিয়েছে তাদের প্রস্তুতি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তারা যেন মেতে উঠেছিল গোল উৎসবে। যার খেলা দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা, সেই লিওনেল মেসি পেয়েছেন গোল। তবে পুরোটা সময়জুড়ে ফুটবল যাদু দেখিয়েছেন পুরো মাঠে। তাতে ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিওনেল স্কলোনির দল।
বুধবার রাতে আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের জালে একের পর এক গোল দিয়ে যেন বন্যা বইয়ে দিচ্ছিল আর্জেন্টিনা। প্রস্তুতি উপলক্ষ্যে ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচটিতে যেন গোল উৎসবে মেতে উঠেছিলেন মেসিরা। যার শুরুটা করেছিলেন জুলিয়ান আলভারেজ।
খেলার ১৭ মিনিটের সময় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে এগিয়ে নেন দলকে। তাতে সতীর্থদের সঙ্গে মেতে উঠেন উল্লাসে। সেই উল্লাসের ব্যবধান দ্বিগুণ হয় ৯ মিনিট পরই। ২৫ মিনিটের মাথায় ডি মারিয়া বল জড়ান প্রতিপক্ষের জালে। তারও ১১ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ডি মারিয়া যেন জয়ের ভিতই গড়ে দেন। তবে চ্যাম্পিয়ন দলের ক্ষিদে কি আর এত সহজে মিটে। তাও আবার প্রতিপক্ষ যদিও হয় অপেক্ষাকৃত দুর্বল। তাই তো খেলার ৪৪ মিনিটে দলীয় চতুর্থ গোলটি আসে ফুটবল জাদুকর লিওনেল মেসির পা থেকে।
ডি মারিয়ার জোড়া আর জাদুকরের এক গোল মিলে ৪-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে বিরতির পর আর দাপট ধরে রাখতে পারেননি তারা। অনেকটাই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে আরব আমিরাত। ম্যাচের ৬০ মিনিটে পঞ্চম গোলের দেখা পেয়েছিলেন জ্যাকুইন করিয়া। তারপর আর কোনো গোলের দেখা পায়নি তারা।
তাতে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা। বিশ্বকাপের আগে প্রস্তুতির রাতটা তাই মেসিদের গোল উৎসবেই কাটে।
