মন্দিরে চুরির অভিযোগে নাবালিকাকে পিটিয়ে হত্যা করল উন্মত্ত জনতা!

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৭:১১ পিএম

মন্দিরে চুরির সামান্য অভিযোগে ভারতের তামিলনাড়ুর পুডুকোট্টাইয়ে ১০ বছরের এক নাবালিকাকে পিটিয়ে মেরে ফেলল জনতা। ঘটনার গুরুতর আহত হয়েছেন নিহতের পরিবারের আরও পাঁচ সদস্য।

পুডুকোট্টাই জেলার কিল্লানুর গ্রামের কাছে রাস্তার ধারের একটি মন্দিরে বুধবার গভীর রাতে ঢুকে অভিযুক্ত পরিবারের ছয় জন চুরি করেন বলে গ্রামবাসীদের দাবি।

তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে একটি অটোরিকশায় চড়ে পালিয়ে যাওয়ার সময় মোটরবাইকে ধাওয়া করে তাদের ঘিরে ধরেন কয়েক জন স্থানীয় বাসিন্দা। ঘটনার খবর পেয়ে জড়ো হন বহু গ্রামবাসী। উন্মত্ত জনতা অভিযুক্তদের প্রচণ্ড মারধর করে।

গণপ্রহারের ওই ঘটনার একটি ভিডিও ফেসবুক-টুইটারে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি অটোরিকশাকে ধাওয়া করে থামাচ্ছেন কয়েক জন মোটরবাইক আরোহী। তার পর অভিযুক্তদের টেনে নামিয়ে শুরু হচ্ছে গণপ্রহার।

গণপ্রহারের খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় ওই নাবালিকার। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। অভিযুক্ত পরিবার কুড্ডালোর জেলার বাসিন্দা। নাবালিকা খুনের ঘটনায় অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত