আজ ঠিক সন্ধ্যায় অবমুক্ত হলো নতুন একটি গান। এটা শুধু একটা গান নয়, এ এক প্রেমকাহিনিও বটে। প্রেমময় স্ত্রী গান লিখলেন আর সেই কথাগুলো কণ্ঠে তুললেন তার প্রিয় মানুষটি।
হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে শাওন গানওয়ালার নতুন গানটির ক্ষেত্রে। 'লুকাতে পারি না আমি' শিরোনামের গানটির গীতিকার ত্রয়ী ইসলাম। আর গীতিকবিতাটি সুর করে কণ্ঠে তুলেছেন সাজ্জাদ হোসেন শাওন অর্থাৎ শাওন গানওয়ালা।
এ কাহিনি অনেক বড়। আগামীকাল ১৮ নভেম্বর ত্রয়ীর জন্মদিন। প্রতিবার জন্মদিনে প্রিয় মানুষকে একটু অন্যরকম কিছু উপহার দেওয়ার কথা ভাবেন গানের মানুষ শাওন গানওয়ালা। এবারও তা-ই ভাবলেন। কিন্তু কী দেওয়া যায়। অনেক ভাবার পর একটা বুদ্ধি বের হলো। কদিন আগে ত্রয়ী একটি গানের থিম শুনিয়েছিলেন শাওনকে। শাওন এবার উঠেপড়ে লাগলেন- গানটি যেন ত্রয়ী লিখে ফেলেন। ত্রয়ী গানটি লিখে শেষ করলেন। যদিও এটা তার প্রথম লেখা গান নয়। গানটি লেখার পর শাওন ভাবলেন- এটাই হবে ত্রয়ীর জন্মদিনের উপহার। কাজে নেমে পড়লেন তিনি। শুরু হলো সুরারোপ ও সংগীতায়োজনের কাজ। স্টুডিও বায়োস্কোপে গানটির রেকর্ডিং হলো। সুর করলেন শাওন নিজে, গাইলেন। আর সংগীতায়োজন করলেন সাফি মাহমুদ রবিন। গানটির বিশেষ গিটার সেশনে অংশ নিলেন শাইক সালেকিন।
এবার। তৈরি করতে হবে একটি সাধারণ কিন্তু মানসম্মত মিউজিক ভিডিও বা গানচিত্র। তলব করা হলো শাওনের সহকর্মী শিশির ইমরান এবং স্বাক্ষরকে। সুন্দর ও দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওটি পরিচালনা করলেন শিশির আর চিত্রধারণ, রঙবিন্যাস ও সম্পাদনার কাজটি সারেন সর্বসাম্প্রতিক দুই সুপারহিট গান 'ব্যবসার পরিস্থিতি' ও 'সোনার বাংলাদেশ'-এর প্যানেল পারসন স্বাক্ষর।
ব্যস, তৈরি হলো 'লুকাতে পারি না আমি'। আজ সন্ধ্যায় অবমুক্ত হলো শাওন গানওয়ালার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
'একদিন ট্রাফিক জ্যামে বসে ভীষণ বিরক্ত হচ্ছিলাম। বিরক্তির মাঝেই এই গানটির কয়েকটি লাইন মাথায় আসে। তার পরই ধীরে ধীরে তৈরি হয় গানটি'- বলছিলেন গীতিকার ত্রয়ী ইসলাম। 'আমি প্রথমে লিখতে চাইনি। পরে ওর চাপাচাপিতে পুরো গানটি লিখে দিতে হলো।' কেমন লাগল যখন দেখলেন গানটি আপনার জন্মদিন উপলক্ষে অবমুক্ত হলো? 'এটা একটা সারপ্রাইজ। খুব ভালো লেগেছে। এবারের জন্মদিনটা অন্যরকম।'
গানটি প্রসঙ্গে শাওন গানওয়ালা বলেন, 'হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া। তার পর কাজ। আসলে আমরা একে অন্যকে নিয়ে যা ভাবি- তা এই গানের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এটা আসলে কোনোভাবে বুঝিয়ে বলা সম্ভব না। তার পরও অন্যরকম অনুভূতি। ভালোলাগার, ভালোবাসার। এখন শ্রোতাদের গানটি ভালো লাগলেই আমাদের দুজনের এই শ্রম সার্থক হবে।
পাঠকরা শাওন-ত্রয়ীর নিজেদের প্রতি লুকাতে না পারা ভালোবাসার গান 'লুকাতে পারি না আমি' শুনে দেখতে পারেন।
