সাভারের বিরুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীর ছুরিকাঘাতে মো. মনির হোসেন (২১) নামের এক সেমাই কারখানার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আদনান (২০) নামের আরও এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী রাজন (২৫) নামের সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মনির হোসেন নেত্রকোনা জেলার মো. সেলিমের ছেলে। তিনি বিরুলিয়ার আক্রানের বউবাজার এলাকায় শহিদুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সেমাই কারখানায় চাকরি করতেন।
গ্রেপ্তার রাজন নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ওই এলাকার সিজারের বাসায় ভাড়া থেকে ওই একই পোশাক কারখানায় চাকরি করতেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাজন, আদনান ও মনিরসহ আরও একজনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে ছুটি শেষে কারখানা থেকে বের হলে মনিরের ওপর আক্রমণ করে রাজন।
এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে আদনান তাকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় আদনানকেও ছুরিকাঘাত করে রাজন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। তবে আদনানের চিকিৎসা চলছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই রাজনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিদার বলেন, ঘটনার সঙ্গে যে জড়িত তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে।
বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
