বিশ্বকাপ উপলক্ষে ইসলামের পরিচিতিমূলক বই প্রকাশ

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১১:৫৫ পিএম

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ কাতার। ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে ঘিরে ইসলামের সঠিক তথ্য তুলে ধরতে নানা উদ্যোগ নিয়েছে কাতার সরকার। দর্শকদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে ছয় ভাষায় ই-বুক চালু করেছে দেশটির আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের অধিভুক্ত আবদুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ সাংস্কৃতিক কেন্দ্র। ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে লেখা ই-বইয়ের লিংক প্রকাশ করেছে আওকাফ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

‘আন্ডারস্ট্যান্ডিং ইসলাম’ নামে বইটি ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, রুশ, পর্তুগিজসহ ছয় ভাষায় অনুবাদ করা হয়। পাশাপাশি মৌলিক আরবি ভাষা শিখতে ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় লেখা ‘স্পোকেন অ্যারাবিক’ নামের সংক্ষিপ্ত ই-বুক রয়েছে। https://binzaid.gov.qa/lang-ebook/ book-fafa22.html  লিংকে প্রবেশ করে যে কেউ তা পড়তে পারবেন।

১৩২ পৃষ্ঠার বইটিতে ১৮ অধ্যায়ে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্রথম ১০ অধ্যায়ে ইসলামের পরিচয়, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহর একত্ববাদ, ইসলামের পাঁচ স্তম্ভ, দুনিয়ায় নবী-রাসুলদের আগমনের উদ্দেশ্য, আসমানি গ্রন্থ, পবিত্র কোরআন, ইসলামে মর্যাদাপূর্ণ তিনটি স্থান, কোরআনের অলৌকিকত্ব তুলে ধরা হয়েছে।

পরবর্তী আটটি অধ্যায়ে ইসলামি শিল্পকলা ও ক্যালিওগ্রাফি, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব, নারীর মর্যাদা, শিশুদের অধিকার, ইসলামে মানবাধিকার ও সংখ্যালঘুদের অধিকার, ইসলাম ও সভ্যতা, মহানবী (সা.)-এর অন্তিম উপদেশ এবং জেরুজালেমে প্রবেশকালে হজরত ওমর (রা.)-এর চুক্তি সম্পর্কে আলোচনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত