চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে একটি বসতঘর থেকে ৯১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
এর আগে, শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরল ইউনিয়ন মিনজিরতলা এলাকার বসতঘর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শহীদ উল্লাহকে (৩৫) আটক করা হয়। আটক শহীদ উল্লাহ উপজেলার সরল ইউনিয়নের মিনজিরতলা এলাকার মৃত সৈয়দুল ইসলামের পুত্র।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মিনজিরি তলা এলাকার শহীদ উল্লাহ’র বসতঘরে মাদকদ্রব্য মজুত রেখে বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ঘরে মাটির গর্ত থেকে প্লাস্টিকের ছোট বস্তায় সাদা পলিথিনের ওপর স্কচটেপ মোড়ানো অবস্থায় ৯১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে শহীদ উল্লাহ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
